জর্ডানে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৫
অ- অ+

জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চলমান ইরান-সম্পর্কিত সংঘাতে এটি মার্কিন বাহিনীর জন্য নতুন ক্ষয়ক্ষতির ঘটনা হিসেবে সামনে এসেছে।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়, ১৭ জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও মিত্র বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনরত দুই মার্কিন সেনা নিহত হন এবং একজন সেনা সদস্য নিখোঁজ হন।

সেন্টকম জানিয়েছে, হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সেনা সামান্য আহত হলেও তারা পুনরায় দায়িত্বে যোগ দিয়েছেন।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শনিবার জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সংস্থাটির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পরিচালিত ওই হামলায় কয়েকটি বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হতাহতের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় পাঁচ মাস ধরে চলমান এই সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা