আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নিবন্ধন ও ফিটনেসে নতুন শর্ত

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করতে আজ (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
নতুন নির্দেশনা অনুযায়ী, জিপিএস ডিভাইস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন (রেজিস্ট্রেশন) কিংবা ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, নতুন নিবন্ধন অথবা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।
বিআরটিএ আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন সংস্থাটির স্থানীয় কার্যালয় কিংবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন কোম্পানির যানবাহনে জিপিএস সংযোজনের বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১ আগস্ট থেকে বাধ্যতামূলক হলেও দেশের সব গণপরিবহনে একযোগে জিপিএস ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে না। এ জন্য কিছুটা সময় প্রয়োজন হবে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সুশাসনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই এ উদ্যোগের প্রকৃত সুফল মিলবে।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করছে, যার মাধ্যমে সহজেই কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে। নতুন এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর সহযোগিতা করতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।
(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































