কটূক্তির প্রতিবাদে বিএফডিসিতে বিক্ষোভ, সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি

বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে চলচ্চিত্র পরিচালক তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)-এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিএফডিসির প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব ও জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবিএম সোহেল রশিদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সংশ্লিষ্ট দলীয় সংগঠনের কাছে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য দেন চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আবির পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক মারুফ আকি, পরিচালক আরমান, অভিনেতা আসিফ, প্রযোজক ও পরিচালক মাইনুল হোসেন খোকন, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, আজিজুল হক খোকা, নজরুল ইসলাম, অভিনেতা বিভান বাদল, আজিজুর রহমান আজিজ, হারুনসহ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কলাকুশলী।
বক্তারা দাবি করেন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির ঘটনায় সায়মন তারিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বর্তমানে সংশ্লিষ্ট আইসিটি কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সতর্ক করেন।
এদিকে সমাবেশ থেকে আগামী ৩ আগস্ট বিএফডিসি প্রাঙ্গণে ‘চলচ্চিত্র কালো দিবস’ পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































