আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন

প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তবে কনসার্টের নির্ধারিত তারিখ ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ১০০ ফিট-এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর আগে কনসার্টটি পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে আয়োজনের পরিকল্পনা ছিল।
আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টের সব টিকিট আগের মতোই বৈধ থাকবে। কনসার্টের সময়সূচিও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দর্শনার্থীদের জন্য ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তার বহুল জনপ্রিয় গান পরিবেশন করবেন।
আয়োজকরা বলেন, দর্শকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতেই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ আয়োজনে আতিফ আসলামের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভও মঞ্চে পারফর্ম করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































