হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসা সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১১:২৭
অ- অ+

জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর চিকিৎসা সুবিধার প্রসার এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য কর্মসূচি ও অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এর মাধ্যমে হেপাটাইটিস সম্পর্কে ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানো, ভয় ও সামাজিক প্রতিবন্ধকতা কমানো এবং প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তারেক রহমান বলেন, হেপাটাইটিস বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। তবে সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা, আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালসহ বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করে দেশে উন্নত লিভার চিকিৎসার সক্ষমতা বাড়ানো হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য সরকারি আর্থিক সহায়তা হিসেবে এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও কার্যকর করতে সরকার ‘ই-হেলথ কার্ড’ এবং সমন্বিত রোগী তথ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে রোগীর স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, দ্রুত রোগ শনাক্তকরণ, ধারাবাহিক চিকিৎসা ও সরকারি সহায়তা প্রদান আরও সহজ হবে।

তারেক রহমান বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’—এই নীতিতে জনস্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংগঠন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ আরও সফল হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও হেপাটাইটিসমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন
২৪ ঘণ্টায় দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার, মামলা ৪০
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা