বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান ওএসডি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে এ আদেশ জারি করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়নের কথা উল্লেখ করা হলেও, তাকে কী কারণে ওএসডি করা হয়েছে সে বিষয়ে কোনো কারণ জানানো হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে ৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে বিপিসির সাবেক চেয়ারম্যান আমিন উল আহসানকেও একইভাবে ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির শর্টলিস্টে রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করা এবং বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলের চাপের মুখে ছিলেন রেজানুর রহমান।
তবে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং ওএসডির সিদ্ধান্তের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































