জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিংমল ধসের পর বহু হতাহতের আশঙ্কা

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে একটি শপিংমলের অংশ ধসে পড়ার পর বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কার পাশাপাশি অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।
এনএইচকের খবরে বলা হয়, কাশিমা টাউনের ইয়ন শপিংমল ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ওই শপিংমলে বিস্ফোরণের খবরও জানিয়েছিল স্থানীয় পুলিশ।
স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানায়, ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ছাড়া সড়ক, সেতু ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে জাপানের আবহাওয়া সংস্থা জানায়, বড় ধরনের সুনামির ঝুঁকি নেই। তবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। উন্নত ভূমিকম্প-সহনশীল অবকাঠামো থাকলেও এবারের শক্তিশালী ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































