বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও পতন

বিশ্ববাজারে সংঘাতের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রভাবে আবারও বড় ধরনের দরপতন হয়েছে জ্বালানি তেলের বাজারে। টানা তিন দিনের পতনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দাম প্রায় ১৭ শতাংশ কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৬ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই দরপতনের পেছনে প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশা জোরালো হয়েছে।
এদিকে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিও উন্নতির দিকে যাচ্ছে। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের ক্যাস্পিয়ান পাইপলাইন টার্মিনাল থেকে পুনরায় অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা আরও জোরালো হয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল থাকলে এবং বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম তুলনামূলক নিম্নমুখী থাকতে পারে। তবে ভূরাজনৈতিক পরিস্থিতির যেকোনো নতুন উত্তেজনা আবারও বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।
(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































