ঢাকাসহ দেশের ৭ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ০৯:১২
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হলেও এর প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে আগামী অন্তত দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একই ধরনের আবহাওয়া বিরাজ করছে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অনেক এলাকায়। নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রাও কিছুটা কম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

তিনি জানান, রাজধানী ঢাকায় সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে দুপুর ১২টার পর বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগে আজ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে উপকূলীয় এলাকায় বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। তবে বৃষ্টি একটানা নয়, বরং বিচ্ছিন্নভাবে চলবে এবং মাসের শেষ দিন পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

এদিকে সাগরে বিরূপ আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ এবং সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ, দমকা বাতাস এবং বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমে এলে আবহাওয়ারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তীব্র গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন, বাসায় জ্বলছে না চুলা
স্বাস্থ্যঝুঁকিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, এবার মিলল সয়াবিন তেলেও
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও পতন
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা