ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর বিভিন্ন স্থাপনায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এ হামলার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন প্রতিহত করেছে। এসব ড্রোন সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রিয়াদ।
বিবৃতিতে সৌদি আরব আরও জানায়, তারা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হামলার জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে হামলার নিন্দা জানিয়েছে ইরান-সমর্থিত পিএমএফ। সংগঠনটি বলেছে, এ হামলা ‘চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে’ এবং এটি ইরাকের সার্বভৌমত্ব ও সরকারি নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি আঘাত।
এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর আগে সৌদি আরবে চালানো ড্রোন হামলার ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দেন।
ইরাকের সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছিল, কোনো বন্ধুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
অন্যদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ সৌদি আরবের অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, সৌদিতে ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
গোষ্ঠীটি সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ আখ্যা দিয়ে সতর্ক করেছে, তাদের বিরুদ্ধে যেকোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ইরাককে ঘিরে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইরানপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































