মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৪:৪৯| আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৪:৫২
অ- অ+

মধ্যপ্রাচ্যে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরও বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও জোরদার করেছে।

বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৭৩ ডলার বা ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের নিচে নেমে গিয়েছিল, যা ছিল ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে সংঘাত দ্রুত নিরসনের সম্ভাবনা কমে যাওয়ায় তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে বুধবার সকালে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। একই সময়ে হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ওমানের প্রস্তাবিত যৌথ পরিচালনা পরিকল্পনাও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়ে থাকে। ফলে এ অঞ্চলের যেকোনো অস্থিরতা জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

ডিবিএস ব্যাংকের শক্তি গবেষণা বিভাগের প্রধান সুভ্রো সরকার বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে আপাতত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

অন্যদিকে, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩৩ লাখ ব্যারেল কমেছে। বিশ্লেষকদের মতে, সরবরাহের এই সংকোচনও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, মিলবে ভয়েস-ভিডিও কল সুবিধা
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা