হাইওয়ে পুলিশের সদস্যদের শৃঙ্খলা ও জনবান্ধব সেবার নির্দেশ দিলেন অতিরিক্ত আইজিপি ফারুক

হাইওয়ে পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও জনবান্ধব সেবার মান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইউনিটটির প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার কুমিল্লা সফরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পরিদর্শনকালে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সফরের শুরুতে ফারুক আহমেদ কুমিল্লার নিমসার বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মহাসড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নিমসার বাজারের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অতিরিক্ত আইজি বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং, যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিক ও পেশাদার হতে হবে।
বিকালে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক এক বৈঠকে মহাসড়কের নিরাপত্তা, যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় ফারুক আহমেদ জানান, সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের মধ্যেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা (অটোফাইন) কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
সফরকালে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পূর্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমাসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































