রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীতে যানজট একটি অভিশাপের নাম। এই অভিশাপ থেকে মুক্ত নয় রাজধানীর কোন এলাকা। এর মধ্যে কিছু কিছু এলাকা আছে, যেখানে অভিশাপের মাত্রা বিপদসীমা অতিক্রম করেছে। তার মধ্যে অন্যতম রাজধানী ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর সড়ক। প্রতিদিন রাস্তার উভয় পাশে বাস, প্রাইভেট কারের অবৈধ পার্কিং জ্যামের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল, লেন শৃঙ্খলা না মানা এবং সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী হাজারো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
আজ রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্তও দীর্ঘ সারিতে আটকে রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন।
পর্যবেক্ষণে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় অনেক বাস নির্ধারিত স্টপেজের বাইরে এলোমেলোভাবে যাত্রী ওঠানামা করাচ্ছে। একই সঙ্গে কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের অনেক চালক লেন শৃঙ্খলা না মানায় যান চলাচলে আরও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
যদিও কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক ছিল, তবে এর প্রভাব পড়ে পেছনের সড়কে। ফলে বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকে থাকা অফিসগামী যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা।
বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, "সরকার বদলায়, কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ দেখা যায় না। বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব।"
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































