ঢাকাসহ দেশের ৮ বিভাগে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী চার দিন বৃষ্টিপাত বা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
রবিবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৩ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দেশের আট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
বুধবার (৫ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে।
এদিকে, টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































