বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। খবর সিএনবিসির।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।
এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ১০ ডলারে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এতে হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সাধারণত বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। ইরানে নতুন করে হামলার আশঙ্কা দেখা দেওয়ায় বাজারে উদ্বেগও বেড়েছিল।
তবে হামলা স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। ফলে তেলের দামে যুদ্ধঝুঁকির প্রভাব কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































