দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলারে পৌঁছাল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই মাসের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসের শেষ দুই দিন- ৩০ ও ৩১ জুলাই—প্রবাসীরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের সক্ষমতা বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































