উত্তরখানে যুবককে গুলি করে হত্যা, কারণ অজানা

রাজধানীর উত্তরখানে মো. মিরাজ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রবিবার সকালে উত্তরখান থানার কাঁচকুড়া ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মিরাজকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ রবিবার রাতে বলেন, গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত মিরাজকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, হত্যার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































