কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ০০:০৩| আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০০:১৭
অ- অ+

রাজধানীর কলাবাগানে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. হৃদয় ওরফে শিপন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে কলাবাগান থানার আলামিন রোডের একটি বহুতল ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে শিপনের সঙ্গে নিহত নারীর বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার সকালে স্ত্রীকে বোঝাতে শ্বশুরবাড়িতে যান শিপন। সেখানে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে রান্নাঘর থেকে একটি চাকু এনে স্ত্রীকে আঘাত করেন। পরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

স্ত্রীর চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে এলে শাশুড়িকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সময় নিহত নারীর ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি স্বজন ও প্রতিবেশীদের খবর দিলে স্থানীয়দের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে।

ঘটনার পর অভিযুক্ত শিপন এক বছর বয়সী সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ। অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কলাবাগান থানায় হত্যা মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, মুক্তি মিলছে না
উত্তরখানে যুবককে গুলি করে হত্যা, কারণ অজানা
যাত্রাবাড়ীর গণহত্যার মামলাও ট্রাইব্যুনালে নিতে চান চিফ প্রসিকিউটর
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা