রাজধানীর কাঠালবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি-স্ত্রী নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। ঘটনার পর এক বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।
আজ রবিবার সকাল আটটার দিকে কাঠালবাগানের আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফারজানা আক্তার ও তাঁর মা ফিরোজা বেগম।
নিহত ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে ফোনে জানতে পারেন, মেয়ের স্বামী শিপনের সঙ্গে ফারজানা ও ফিরোজা বেগমের ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি বাসায় পৌঁছে দেখেন, ফারজানা রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়ে আছেন। ফিরোজা বেগম গুরুতর আহত অবস্থায় ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুক হোসেন বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। গত শুক্রবারের আগের শুক্রবার মা ও মেয়ে গ্রামের বাড়িতে যান। গত শুক্রবার একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিপনও সেখানে গিয়েছিলেন। তবে বিয়ের দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শিপন খাওয়া-দাওয়া না করেই ঢাকায় ফিরে আসেন। শনিবার রাতে মা, মেয়ে ও তিনি ঢাকায় ফেরেন। রবিবার সকালে আগের বিরোধের জেরে আবারও বাক্বিতণ্ডা শুরু হলে শিপন ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে কুপিয়ে আহত করেন। পরে তাদের এক বছর বয়সী ছেলে রায়হানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ফিরোজা বেগমকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানাকে জানানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত শিপনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে কলাবাগান থানা-পুলিশ।
(ঢাকাটাইমস/ ০২ আগস্ট/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































