পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ১২:২৭
অ- অ+

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং এটি একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ডিজিটাল অপরাধ মোকাবিলা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে কোনো নাগরিক যেন পুলিশের কাছ থেকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয়েছে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেওয়া ৫৮ জন প্রশিক্ষণার্থী রোববারের অনুষ্ঠানের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন।

এ ছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন বেস্ট শ্যুটার অ্যাওয়ার্ড অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
দক্ষিণখানে চিকিৎসক খুন: জুতার ছাপ মেলায় স্বামী গ্রেপ্তার
রাজধানীর কাঠালবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি-স্ত্রী নিহত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেপ্তার, মামলা ৭০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা