পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ১৪:৩২
অ- অ+

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্কের ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদারে দেওয়া নির্দেশনা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে রাজধানীতে বোমাসদৃশ বস্তু উদ্ধারের কয়েকটি ঘটনা এবং এ–সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিবি প্রধান বলেন, পুলিশের যানবাহন, স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে আগেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবারও মাঠপর্যায়ের সদস্যদের দায়িত্ব পালনের সময় আরও সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, ‘এটি মূলত একটি রিমাইন্ডার।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘না, এ ধরনের নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা সব সময় সতর্ক থাকি। সিনিয়র কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন। মাঠপর্যায়ের সদস্যরা যেন আরও সতর্ক থাকেন, সে জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

মতিঝিলে ছাতার ভেতর থেকে উদ্ধার হওয়া আইইডি প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ঘটনাটির তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনার পেছনে কোনো সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা সাধারণত কোনো ব্যক্তি এককভাবে করে না। কোনো মতাদর্শ বা উদ্দেশ্য প্রচারের জন্য সংগঠিতভাবে এমন কর্মকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে পাঠানো এক জরুরি বার্তায় পুলিশের ব্যবহৃত যানবাহন ও স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্যবস্তু করতে পারে। তাই যানবাহন নিরাপদ স্থানে রাখা, নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

গত এক সপ্তাহে রাজধানীর মতিঝিল, মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় একাধিক বোমা-আতঙ্কের ঘটনার পরিপ্রেক্ষিতেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাবির শহীদুল্লাহ হলে সমকামিতার অভিযোগে দুই বহিরাগত আটক
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা