সংসদে ওঠা অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখার ঘোষণা
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির কার্যক্রমে গতি ফেরাতে দ্রুত নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান।
রবিবার দুদকে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান খান বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের ধরন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর ২০২৫ সালের এক জরিপে অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতি বেড়েছে বলে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও উত্থাপিত হয়।
এসব প্রসঙ্গে দুদকের নতুন সচিব বলেন, সংসদে আলোচিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
দুদকের ভাবমূর্তি নিয়ে জনমনে বিভিন্ন নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। খুব দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































