বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৫:০৭
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ কারণে তার জামিন বাতিলের আবেদন জানাতে সরকারের নিয়োজিত আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইউএইর আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জামিনের শর্ত অনুযায়ী তিনি দেশ ছাড়তে পারবেন না। তবে আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহ করে অন্যান্য শর্তও যাচাই করা হচ্ছে।

মন্ত্রী জানান, বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত আইন সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে ইউএইতে নিযুক্ত বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে প্রত্যর্পণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারপরও কেন জামিন দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের আদেশের পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চান না। তবে বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। সে কারণেই তার জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় সম্প্রতি উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে। এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। এরপরও কমলাপুর ও আশুলিয়ায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার হয়, যা বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে অপসারণ করে ধ্বংস করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উগ্রবাদ ও নাশকতামূলক তৎপরতা পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল সার্বক্ষণিক কাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, যেভাবে পাবেন
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
বালুর বস্তায় বিস্ফোরক বিস্ফোরণ, দগ্ধ তিনজনের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা