দেশের সব জেলা প্রশাসকের জন্য জরুরি নির্দেশনা

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, সরকারি চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের মতে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। এর ফলে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি আয়োজন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য প্রটোকল ও মর্যাদা পাবেন বলে আশা করা হচ্ছে।
এ নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।
একই সঙ্গে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































