কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র্যাব

ঢাকা জেলার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার অভিযান চালিয়েছে র্যাব-২। অভিযানে ইয়াবা প্রস্তুতকারী এক কেমিস্ট ও এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের বলছে, গ্রেপ্তার কেমিস্ট গত প্রায় ১০ বছর ধরে চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন–ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু (৪২) এবং কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির (৪৫)। অভিযানে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ২ আগস্ট মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় মোটরসাইকেলে করে ইয়াবা পরিবহনের প্রস্তুতিকালে ফয়সাল ইসলাম মিঠুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি কারখানায় অভিযান চালিয়ে কেমিস্ট নাছিরকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, নাছির প্রায় এক দশক ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কারখানা পরিচালনা করছিলেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আর ফয়সাল ওই কারখানায় উৎপাদিত ইয়াবা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ফয়সাল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় মাদক-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































