চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ২৪ জেলেকে ৩০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অভিযান চালিয়ে ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ দল। এ সময় ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন বন্দর ম্যাজিস্ট্রেট।
বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের টহল জাহাজ বিসিজিএস সোনাদিয়া, একাধিক উচ্চগতির বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশ নেয়। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যদের পাশাপাশি বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অভিযানে বহিঃনোঙ্গরে অবস্থানরত ফিশিং বোটগুলো তল্লাশি করা হয়। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থান করা ফিশিং বোট ও বিভিন্ন ধরনের জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরির ঘটনা প্রতিরোধেও অভিযানটি পরিচালনা করা হয়।
আটক ২৪ জেলেকে পরে বন্দর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হলে তাঁদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত করা, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি ও অবৈধ জাল স্থাপনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান ও নজরদারি চালাবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম ‘জিরো টলারেন্স’ নীতিতে অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































