বগুড়ার শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে মীমাংসার চাপ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫
অ- অ+

বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কারিম হোসেন নামে এক কিশোরের বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় মাতবররা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় কারিম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির পোশাক ও শারীরিক অবস্থা দেখে তার মা বিষয়টি তাৎক্ষণিকভাবে শিশুটির বাবাকে জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর আইনের আশ্রয় নেওয়ার পরিবর্তে স্থানীয় প্রভাবশালী মাতবর ও সাবেক ইউপি সদস্য আশরাফুল আলম গাদু, শাহিন আকন্দ ও সোরাউদ্দিন বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করে দেওয়ার কথা বলে তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এ কারণে তারা থানায় গিয়ে অভিযোগ করতে পারেননি।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমি গরিব মানুষ। ঘটনার পর গ্রামের মাতবররা এসে সালিশে মীমাংসা করে দেওয়ার কথা বলে চাপ সৃষ্টি করেছেন। তারা আমাদের থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে দেননি।

অভিযুক্ত কিশোরের বাবা করিম বলেন, যেহেতু ছেলে অপরাধ করেছে, তাই যে বিচার হবে তা মেনে নিতে হবে। তিনি ব‌লেন, মাতবর সাবেক মেম্বার আশরাফুল আলম গাদু, শাহিন আকন্দ ও সোরাউদ্দিন সালিশে বিষয়টির মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু
‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পাচ্ছেন ২৯ পুলিশ সদস্য
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ২৪ জেলেকে ৩০ দিনের কারাদণ্ড
তুরস্কে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা