বিশ্বকাপে টাইব্রেকার নিয়ে বিতর্ক, নতুন নিয়ম আনছে ফিফা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। পেনাল্টি শুটআউটের আগে ব্যবহৃত কয়েন টস পদ্ধতিকে আরও ভারসাম্যপূর্ণ করতে নতুন প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো নকআউট ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পরও অমীমাংসিত থাকলে ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। শুটআউট শুরুর আগে রেফারি দুই দলের অধিনায়কদের নিয়ে দুটি পৃথক কয়েন টস করেন। একটি টসে নির্ধারণ করা হয় কোন প্রান্তে পেনাল্টি নেওয়া হবে, আর অন্য টসে ঠিক হয় কোন দল প্রথম শট নেবে।
ফিফার মতে, বিদ্যমান এই পদ্ধতিতে কোনো দল দুই টসেই জিতে গেলে তারা একসঙ্গে দুটি সুবিধা পেয়ে যায়। অর্থাৎ প্রথম শট নেওয়ার সুযোগের পাশাপাশি নিজেদের পছন্দের প্রান্তও বেছে নিতে পারে, যা প্রতিপক্ষের জন্য কিছুটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে।
এ কারণে নিয়ম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে দুটি নয়, মাত্র একটি কয়েন টস অনুষ্ঠিত হবে। টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন—প্রথম শট নেওয়ার অধিকার অথবা টাইব্রেকারের প্রান্ত নির্বাচন। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ দল পাবে।
ফিফা মনে করছে, এ পরিবর্তনের ফলে দুই দলের মধ্যে আরও বেশি ভারসাম্য নিশ্চিত হবে এবং কোনো দল অতিরিক্ত সুবিধা লাভ করবে না। সংস্থাটির মতে, পেনাল্টি শুটআউটের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য বিষয়ও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
এদিকে এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই বেশ কয়েকটি নতুন নিয়ম আলোচনায় এসেছে। ৪৮ দলের সম্প্রসারিত আসর, অতিরিক্ত পানিবিরতি এবং শৃঙ্খলাবিষয়ক কিছু পরিবর্তনের পর এবার টাইব্রেকার পদ্ধতির পরিবর্তনের প্রস্তাবও ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অন্যদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে সমান পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে অবস্থান নির্ধারণে প্রথমে গোল ব্যবধান বিবেচনা করা হলেও এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে মুখোমুখি ম্যাচের ফলাফলকে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই সুবিধা পাবে। এরপর বিবেচনায় আসবে মুখোমুখি ম্যাচের গোল ব্যবধান ও গোলসংখ্যা।
তবে পেনাল্টি শুটআটের কয়েন টস সংক্রান্ত নতুন প্রস্তাব এখনো কার্যকর হয়নি। এটি বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড-এর অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে নকআউট পর্ব শুরুর আগেই নতুন নিয়ম কার্যকর হতে পারে। ফলে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় শুরু হওয়ার আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি নিয়ম পরিবর্তন নিয়েও চলছে জোর আলোচনা।
(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































