বনানীতে নাটকীয় অভিযানের পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ০৯:০৩| আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৩৫
অ- অ+

রাতভর নাটকীয়তার পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। তবে ভবনের মূল ফটকে তালা থাকায় এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান চলাকালে ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা রাতভর ভবনের বাইরে অবস্থান করেন।

পুলিশের দাবি, অভিযুক্ত সাজেদুল ইসলাম শুভ্র ভবনের ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি এবং বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

তবে ওয়ারেন্ট কার্যকরে বাধা সৃষ্টির অভিযোগ থাকলেও পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কোনো ধরনের বলপ্রয়োগ করতে দেখা যায়নি। অভিযানের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।

পরে বুধবার ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে আদালতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ জন হাজি
আজকের নামাজের সময়সূচি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
আলবেনিয়ার উপকূলে উন্নয়নের ছদ্মবেশ: পুঁজি, ক্ষমতা ও সার্বভৌমত্বের নতুন ভূ-রাজনীতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা