উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা, দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ০৮:৪৭
অ- অ+

ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়া এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে টানা ভারী বর্ষণের ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অনেক এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে চলে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তা নদী ডালিয়া ও কাউনিয়া স্টেশনে, সুরমা নদী ছাতক স্টেশনে, কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে উজানে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তা ও ধরলা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবাহ অব্যাহত থাকতে পারে। এ কারণে নদী-তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

হঠাৎ পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বহু সড়ক তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আকস্মিক বন্যার কারণে অনেক পরিবার গবাদিপশু নিয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কার মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে। ফলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

(ঢাকাটাইমস/২৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজকের নামাজের সময়সূচি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
বনানীতে নাটকীয় অভিযানের পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার
আলবেনিয়ার উপকূলে উন্নয়নের ছদ্মবেশ: পুঁজি, ক্ষমতা ও সার্বভৌমত্বের নতুন ভূ-রাজনীতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা