কৃষি ও ফ্যামিলি কার্ডে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: ডেপুটি স্পিকার

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৪ আগস্ট) কলমাকান্দায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডেপুটি স্পিকার বলেন, টাকার বিনিময়ে কোনো ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও বিভাগীয় মামলা করা হবে। কার্ড পাওয়ার ক্ষেত্রে প্রান্তিক, ক্ষুদ্র ও প্রকৃত অসহায় কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। কোনোভাবেই দোতলা ভবনের মালিক কিংবা অকৃষকদের এ সুবিধার আওতায় আনা যাবে না।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই কৃষকদের তথ্য প্রদান ও সরকারি সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। দায়িত্ব পালনে যারা সততা ও নিষ্ঠা দেখাতে পারবেন না, তাদের স্বেচ্ছায় চাকরি থেকে সরে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
একই দিন দুপুরে পূবালী ব্যাংকের কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডেপুটি স্পিকার। বৃক্ষরোপণে সামাজিক সচেতনতা তৈরিতে একটি প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, পরিবারে কোনো সন্তানের জন্ম হলে আমরা যেমন আনন্দ-উৎসব করি, ঠিক তেমনি সন্তানের জন্মের দিন যদি আমরা তার নামে একটি গাছ লাগাই, তবে সন্তানও বড় হবে, সঙ্গে গাছটিও বড় হতে থাকবে।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পূবালী ব্যাংকের পক্ষ থেকে ছিলেন উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক সুব্রত ভৌমিক।
(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































