ময়মনসিংহে
যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ, ফাঁড়ির ইনচার্জসহ ২৭ পুলিশ সদস্যকে একযোগে বদলি

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সেখানে কর্মরত সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে, ওই মিছিলের পর থেকে গত চারদিনে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমনসহ কয়েকজন রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করেছেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, গত চারদিনে ওই মামলায় ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































