অনুমতি নয়, লংমার্চের বিষয়ে আইজিপিকে অবহিত করেছি: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৬| আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৬
অ- অ+

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই; লংমার্চের বিষয়ে পুলিশকে অবহিত করতেই তারা পুলিশ সদর দপ্তরে গিয়েছিলেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না; এটি কেবল অবগত করা। রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে অনুমতির তো কোনো প্রশ্নই আসে না। আমরা কর্মসূচি সম্পর্কে ইনফর্ম করেছি।’

তিনি বলেন, নিরাপত্তার আবেদন জানাতে নয়, বরং লংমার্চের সময় ও স্থান এবং কর্মসূচির বিস্তারিত পুলিশকে জানাতেই তাদের এই সাক্ষাৎ। কর্মসূচি নিয়ে তারা কোনো ধরনের আশঙ্কাও বোধ করছেন না।

বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে মাঠপর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতা-কর্মীদের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

মিয়া গোলাম পরওয়ার জানান, দেশজুড়ে চারটি ভিন্ন রুটে ১১–দলীয় ঐক্য লংমার্চ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রার মাধ্যমে প্রথম কর্মসূচি শুরু হবে। যাত্রাপথে পথসভাসহ কর্মসূচির শুরু ও সমাপ্তির বিস্তারিত লিখিত রূপরেখা পুলিশকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই এই লংমার্চের মূল লক্ষ্য। পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগের প্রতিকারও তাদের দাবির মধ্যে রয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
ঢাকাসহ দেশের ৯ জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা