বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের একজন সদস্যকে অব্যাহতি

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিক্স ডিজাইনার তামিম সুফিয়ানীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তামিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, অব্যাহতির পর তামিম সুফিয়ানীর সঙ্গে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।
তবে তার পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিবৃতিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































