দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৫:২৬| আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৫:২৮
অ- অ+

বিপ্লবী ছাত্ররাজনীতি দিয়ে পথচলা শুরু। এরপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে উঠে আসা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব—দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল, তখন দলটির অন্যতম সক্রিয় মুখ হিসেবে সামনে ছিলেন রিজভী। বিএনপি চেয়ারপারসন কারাবন্দি থাকা এবং দলের চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময় প্রায় প্রতিদিনই দলীয় কার্যালয়ে দেখা যেত তাকে। রাজনৈতিক সংকট কিংবা দলীয় কর্মসূচি- প্রায় সব ক্ষেত্রেই সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরতেন তিনি।

টানা প্রায় ১৫ বছর ধরে দল ও দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পক্ষে সরব ছিলেন রুহুল কবির রিজভী। ফলে তার ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় নিজ এলাকা কুড়িগ্রামসহ দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।

উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন তিনি। রাজশাহী সরকারি কলেজ শাখা বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনটিতে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় ভূমিকার পর ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রিজভী। এরপর দীর্ঘ সময় ধরে বিএনপির মুখপাত্র হিসেবে দলের বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে আসেন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রুহুল কবির রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট ২০২৬ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে।

সবশেষে ২০ আগস্ট ২০২৬ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন ছাত্রনেতা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব, রাকসুর ভিপি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, দীর্ঘদিনের দলীয় মুখপাত্র এবং সর্বশেষ জাতীয় স্থায়ী কমিটির সদস্য—দীর্ঘ রাজনৈতিক পথচলায় এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বে রুহুল কবির রিজভী।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত প্রশ্নে আবেগ নয়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে
সাতক্ষীরায় ফি‌র‌লো অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত্য কলকাতায়
রবিবার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা