তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। এরই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আন্দালিব রহমান পার্থের বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জু।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরী।
নতুন মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন এলো। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করায় মন্ত্রণালয়ের রাজনৈতিক নেতৃত্বে এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রী—দুজনই দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































