ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার, মামলা ৩২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে বিভিন্ন ধরনের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জালনোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব ও ৫৫টি সিমকার্ড।
এ ছাড়া নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন এবং ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































