উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় ইয়াবার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন পালিয়ে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি সদস্যরা ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পান। এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করেন। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায়। গণনা শেষে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি ওই এলাকায় আরও অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































