রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৪:৪৪
অ- অ+

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই ভোট দিচ্ছেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

তবে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় সংখ্যার সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে।

গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটালিকে ঘিরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কী বললেন মেলানিয়া?
এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২
বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
আসুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফল করি: ভোটারদের সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা