৯৯৯-এ ফোন
মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের পর মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. রাসেল (২১) ও লালচান (৩০)। রাসেলের বাড়ি নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকায়। তিনি বর্তমানে মহাখালী বাস টার্মিনালে থাকতেন। লালচানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায়। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকায় একটি কারখানায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা- ৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর চারটার দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে বাসটি চুরি হওয়ার খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন মাহফুজ নামের এক ব্যক্তি। তিনি জানান, টার্মিনালে পার্ক করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের বাসটি চুরি হয়ে গেছে। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে দেখা যাচ্ছিল, সেটি মিরপুর বেড়িবাঁধের দিকে চলাচল করছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, ফোন পাওয়ার পর বাসটি উদ্ধারে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানায় দ্রুত বিষয়টি জানানো হয়। ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন কলটি গ্রহণ করেন। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
পরে ৯৯৯ থেকে খবর পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে বাসটির অবস্থান শনাক্ত করে। পুলিশ ধাওয়া করে ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে। এ সময় বাসে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































