কলকাতায় আগুনে ৯ জন বাংলাদেশির মৃত্যু: হোটেল ‘শিখা ইন’-এর ইজারাদার গ্রেপ্তার

ভারতের কলকাতায় আবাসিক হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কলকাতার এন্টালি মার্কেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের একজন পাশের ‘যাপন’ হোটেলের কর্মী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
তবে ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় থাকা হোটেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অংশেও। এ ঘটনায় নিহত ৯ জনের মধ্যে সাতজনই বাংলাদেশি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সংকীর্ণ। ফলে সেখানে ব্যাপক হুড়োহুড়ির সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। হোটেলটির কাছেই কলকাতা ফায়ার সার্ভিসের সদর দপ্তর হওয়ায় দ্রুত চারটি অগ্নিনির্বাপণ গাড়ি সেখানে পৌঁছে যায়। পরে নিউ মার্কেট থানা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।
স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, আগুন লাগার সময় ভবনের বাইরে থেকে আগুনের শিখা খুব একটা দেখা যাচ্ছিল না। বরং ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেক অতিথি অচেতন হয়ে পড়েন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ভবনটি থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে অচেতন হয়ে পড়েছিলেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে আগুনের সঠিক কারণ এবং হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































