রাজধানীতে চিকিৎসক অপহরণ, নির্জন জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত এক দন্ত চিকিৎসককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) উদ্ধার করা হয়।
আনসার সদস্যরা জানান, ওই দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তুলে নেন।
গাড়িতে ওঠার পরপরই মাইক্রোবাসে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলেন। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে চিকিৎসকের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
পরে চিকিৎসককে হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এ সময় ওই এলাকায় টহলরত রাজউক আনসার গার্ডের সদস্যরা গোঙানির শব্দ শুনতে পান। পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের দ্রুত শব্দের উৎসের দিকে এগিয়ে যান। পরে জঙ্গলের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুরকে উদ্ধার করেন তারা।
উদ্ধারের পর আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেন। অপহরণের মতো বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করায় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসক।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































