খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় মঞ্জুরুল ইসলাম (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মঞ্জুরুল ইসলাম সেন্টারিংয়ের কাজ করতেন। বিকেলে আশিবিঘা এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার মূল কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































