যার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ, তিনিই এখন কুষ্টিয়া সদর থানার ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৮:৩৩
অ- অ+

বিতর্কিত পুলিশ কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহকে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আটক, নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় কুষ্টিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।

শেখ ওবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলায় কর্মরত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কুষ্টিয়া মডেল থানাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আটক করে নির্যাতন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন সম্প্রতি তার ফেসবুক পেজে শেখ ওবায়দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ২০১৮ সালে বিএনপি ও ছাত্রদলের ৩৬ নেতা-কর্মীকে আটকের ঘটনার বর্ণনা দেন।

মাহফুজুর রহমান মিথুনের দাবি, ২০১৮ সালে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর (বিএনপির কেন্দ্রীয় নেতা) বাসা থেকে তাকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস আর শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রশান্ত, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলসহ ৩৬ নেতা-কর্মীকে আটক করা হয়। পরে তাদের ওপর নির্যাতন করা হয় এবং ককটেল উদ্ধারের অভিযোগে মামলা দেওয়া হয়। তাদের রিমান্ডেও নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

মিথুন তার পোস্টে অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের দমন-পীড়নে শেখ ওবায়দুল্লাহ সক্রিয় ছিলেন। এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন ও গ্রেপ্তার ঠেকাতে তাকে কুষ্টিয়া মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হলো বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে মাহফুজুর রহমান মিথুন বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে শেখ ওবায়দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, শেখ ওবায়দুল্লাহকে ওসি হিসেবে নিয়োগের জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে রিকুইজিশন (চাহিদাপত্র) দেওয়া হয়েছিল। এরপরই তাকে কুষ্টিয়া সদর থানার ওসি করা হয়।

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তার অপকর্মের বিষয়ে আমার জানা নেই। এখন বিষয়টি দেখা হবে।’

কুষ্টিয়া বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাঁরা ওই কর্মকর্তাকে সদর থানার ওসি হিসেবে পদায়নের জন্য সুপারিশ করেছেন, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দলের প্রধানের কাছে পাঠানো হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না।

ওই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ ওবায়দুল্লাহ ‘বেপরোয়া আচরণ’ করেছেন। এমন একজন কর্মকর্তাকে এখন পুনর্বাসন করা ঠিক হচ্ছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার
আইজি প্রিজন্সের পদ থেকে সরানো হলো ব্রিগেডিয়ার মোতাহের হোসেনকে
ডিবি হারুনের ‘শিষ্য’ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফায় লেনিনকে রাঙামাটিতে সংযুক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা