দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে এসআরবি-১৩

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
রবিবার (১৮ অক্টোবর) রাজবাড়ী দূর্গা মন্দির প্রাঙ্গণে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এ উৎসব আগামী ২১ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এ বছর রংপুর বিভাগে এসআরবি-১৩ এর আওতাধীন এলাকায় মোট ৫,১৩৮টি এবং শুধু দিনাজপুর জেলায় ১,২৬৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজা উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং কালীন এসআরবি-১৩ এর রংপুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সাদা পোশাকে ও ইউনিফর্মে এসআরবি সদস্যরা কাজ করছে।
কঠোর আইনি ব্যবস্থা: পূজা মণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সাইবার মনিটরিং: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার রোধে এসআরবি-১৩ এর সাইবার টিম ২৪ ঘণ্টা অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
প্রতিমা বিসর্জন: প্রতিমা বিসর্জনের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এসআরবি-১৩ এর অধিনায়ক লেঃ কর্নেল মনজুর করিম ( PSC, G+, AD) সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সঠিক তথ্য প্রচার ও সম্প্রীতি বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। কোনো ধরনের সন্দেহজনক বা নাশকতাপূর্ণ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে এসআরবি ফোর্সেসকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।প্রেস ব্রিফিং শেষে রাজবাড়ী মন্দির প্রাঙ্গন পরিদর্শন করেন এসআরবি-১৩ রং পুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম পিএসসি,জি+,এডি।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













