হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হিলির ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গুজব ছড়াবেন না। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানান। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজা উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য সদস্য ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












