শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ

আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে পারেন।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটে নির্বাচিত হওয়ার পর শুক্রবার শপথ গ্রহণের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ গ্রহণের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন শুরু করবেন।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































