কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি ও ৪ জন একই পরিবারের: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলকাতার একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। উপ-হাইকমিশনের কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
অন্যদিকে, নিহত বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা ও তথ্য নিশ্চিত করতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এ ছাড়া দুর্ঘটনার পর বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































