আজ রাষ্ট্রপতি নির্বাচন, ৩৫ বছর পর সরাসরি ভোটের আয়োজন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ০৮:৩২
অ- অ+

দীর্ঘ ৩৫ বছর পর আজ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরে গেজেট প্রকাশের পর আগামীকাল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেবেন। অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না।

সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে সরকারদলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার ১১ দলীয় ঐক্য প্রার্থী দেওয়ায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমানে মোট ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে একটি শূন্য রয়েছে এবং সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। দলভিত্তিক হিসাবে বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন, জামায়াতের ৭৭, স্বতন্ত্র ৮, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণপরিষদ, খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংসদ সদস্য রয়েছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। ফলে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির প্রার্থী মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে বিশ্ববাসীর নজর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি জানান, ভোটের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন। তাদের ভোট দেওয়ার দৃশ্য বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে দুটি অংশ থাকবে। একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর। নির্ধারিত স্থানে সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম থাকবে। নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। পরে ব্যালট পেপার নির্ধারিত বাক্সে জমা দেবেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমার আগেই আজ অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দীর্ঘ সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও এ নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৬ জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানীতে চিকিৎসক অপহরণ, নির্জন জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা
স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা