ইতালিতে জেমসের নোংরা হোটেল কক্ষ নিয়ে তোলপাড়, ২০০ ইউরো জরিমানা

ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেল কক্ষ নোংরা ও অগোছালো অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় কক্ষটি অতিরিক্ত পরিষ্কারের জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক-আউটের পর কক্ষটির কিছু ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মোয়াজকে পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। হোটেল কর্তৃপক্ষের পাঠানো ছবিতে মেঝেতে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন আবর্জনা, ডাইনিং টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট দেখা যায়।
এ ছাড়া রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়। কক্ষের অন্যান্য অংশেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিস ও আবর্জনা দেখা গেছে।
হোটেল ম্যানেজমেন্টের বার্তায় আয়োজক প্রতিনিধিকে কক্ষটির অবস্থা সম্পর্কে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে হোটেলটির সুবিধা ব্যবহার করতে হলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে জানানো হয়।
হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পরিচ্ছন্নতার নির্ধারিত অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের সেখানে কক্ষ বরাদ্দের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
এদিকে রোমের ওই কনসার্টকে কেন্দ্র করে আয়োজক পক্ষ থেকে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এবং এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতেই হোটেল কক্ষ নোংরা করার অভিযোগটি সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো জেমস, তার ম্যানেজার বা সফরসঙ্গীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফলে হোটেল কক্ষটির প্রকৃত অবস্থা, অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো জরিমানা আরোপের বিষয়টি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ- এসব বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































